Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একনেকে নতুন ৩ প্রকল্প অনুমোদন / ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয় বাড়ছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৫:৩১

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নক্সা

ঢাকা: ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা বাড়ছে।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এ-সংক্রান্ত ব্যয় বৃদ্ধির একটি সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে গ্যাস অনুসন্ধানে ৩টি কূপ খননসহ ৩টি নতুন প্রকল্প এবং আরও ৪টি সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ৩টি প্রকল্পে মোট ব্যয় হবে ৪ হাজার ৩০৩ কোটি ৮৪ লাখ টাকা এবং সংশোধিত মোট ৫ প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৯ হাজার ৭৩৭ কোটি ৩৭ লাখ টাকা। নতুন প্রকল্পে ব্যয় ও সংশোধিত প্রকল্পে ব্যয় বৃদ্ধি মিলিয়ে মোট টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ১৪ হাজার ৪১ কোটি টাকা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান একনেক সভায় সভাপতিত্ব করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বৈঠকে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

বৈঠকে অনুমোদিত নতুন ৩টি প্রকল্প হচ্ছে- ৭২৯ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ২টি গ্যাস অনুসন্ধান কূপ খনন (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) এবং ১টি (বেগমগঞ্জ-৫) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন। প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০২৬ থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

দুই হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’। প্রকল্পটির মেয়াদকাল জুলাই ২০২৬ থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

এক হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’। প্রকল্পটির মেয়াদকাল এপ্রিল ২০২৬ থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।

সংশোধিত ৫ প্রকল্প

সংশোধিত ৫টি প্রকল্পে মোট ব্যয় বাড়ছে ৯ হাজার ৭৩৭ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (২য় সংশোধন)’ প্রকল্পে ৯ হাজার ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা;

‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত)’ প্রকল্পে ১০২৩ কোটি ৩১ লাখ টাকা;

‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) (১ম সংশোধন)’ প্রকল্পে ৩৬৮ কোটি টাকা;

‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ (৩য় সংশোধন)’ প্রকল্পে ১১৭ কোটি ৪১ লাখ টাকা এবং

‘মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনী ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং

জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনী ডায়ালাইসিস সেন্টার স্থাপন ( ২য় সংশোধন)’ প্রকল্পে প্রায় ৮১ কোটি ৩১ লাখ টাকা ব্যয় বাড়ছে।

এছাড়া সভায় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হচ্ছে- (১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩টি আঞ্চলিক অফিস স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প; (২) বরিশাল টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, গৌরনদী বরিশাল স্থাপন প্রকল্প (২য় সংশোধিত); (৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল মোবাইলে নেটওয়ার্ক স্থাপন প্রকল্প; (৪) নলকা-সিরাজগঞ্জ –সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হতে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত ) ৪ লেন উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ ২ লেনে উন্নীতকরণ (২য় সংশোধিত) প্রকল্প; (৫) পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙ্গা-পাটগাতী-ঘোনাপাড়া (জেড-৭৭০৪) জেলা মহাসড়কের ঘোনাপাড়া হতে পাটগাতী সেতু এ্যাপ্রোচ পর্যন্ত অংশসহ জেড-৮৫০৪, জেড-৮৫০৭ ও জেড-৮৪২৯ জেলা সহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ সংশোধিত); (৬) ভুয়াপুর লিংক সড়ক (জেড-৪৮০২) নির্মাণ (২য় সংশোধিত); (৭) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইভাকুয়েশনের জন্য সঞ্চালন অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন); (৮) পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবন্ধন (২য় সংশোধিত); (৯) গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন (২য় সংশোধিত)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর