Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / মার খেয়েও কেন পারেদেসের শাস্তি চান না গাভি?

ক্রীড়া ডেস্ক
২২ জুলাই ২০২৬ ১৪:৫৪ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৪:৫৫

২০২৬ বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশির পর ঘটে যাওয়া সেই অপ্রীতিকর ঘটনার তদন্তে নেমেছে ফিফা। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসের চড়-থাপ্পড় ও ধাক্কার শিকার হয়েও ক্রীড়সুলভ মনোভাব দেখিয়েছেন স্পেনের তরুণ মিডফিল্ডার গাভি। আর্জেন্টাইন মিডফিল্ডারের কঠোর শাস্তির পক্ষে নন এই বার্সেলোনা তারকা। উল্টো তিনি বলেছেন, এই ঘটনায় কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া উচিত নয় পারেদেসের!

ম্যাচ শেষের ওই ঘটনায় স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। একপর্যায়ে পারেদেসের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন গাভি, যা নিয়ে বিশ্ব ফুটবলে বেশ সমালোচনার ঝড় ওঠে। তবে ঠান্ডা মাথায় স্প্যানিশ রেডিও স্টেশন ‘কোপ’-এর শো ‘এল পারতিদাজো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভি পুরো বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

বিজ্ঞাপন

পারেদেসের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া উচিত কি না—এমন প্রশ্নের জবাবে গাভি বলেন, ‘না, সত্যি বলতে আমার মনে হয় না লিয়ান্দ্রো পারেদেসের কোনো নিষেধাজ্ঞা পাওয়া উচিত। আমি বুঝি যে ঘটনাটি পরবর্তী প্রজন্মের জন্য খুব একটা ভালো উদাহরণ নয়; তবে ফুটবলে একটু শারীরিক লড়াই ও আগ্রাসী একটা দিক থাকেই। বিষয়টি সেখানে চুকে গেলেই ভালো হতো। দিনশেষে এটি ফুটবল। আমি মনে করি এই আবেগ ও উত্তেজনা মাঠেরই সীমাবদ্ধ থাকা উচিত।’

গাভি ক্ষমাশীল মনোভাব দেখালেও ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ফাইনাল শেষে সহিংস আচরণের দায়ে পারেদেস, থিয়াগো আলমাদা, নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফিফা কোডের ১৩ নম্বর ধারা অনুযায়ী তাদের বড় ধরনের নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসার শঙ্কা রয়েছে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর