ঢাকা: ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের (ই-রিটার্ন) সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২২ জুলাই) থেকে এই সেবা কার্যকর হয়েছে। একই সঙ্গে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার(২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআর জানায়, করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালু করা হয়। এরপর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এতে দেশের করদাতাদের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রিটার্ন জমা দেওয়ার আগ্রহ দ্রুত বাড়ছে।
নতুন ব্যবস্থায় করদাতারা ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, কর পরিশোধ, রিটার্ন দাখিল এবং তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। এনবিআরের ই-ট্যাক্স পোর্টালে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধা রাখা হয়েছে।
তবে কয়েকটি ক্ষেত্রে কাগজে (পেপার) রিটার্ন দাখিলের সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা। এছাড়া ই-রিটার্নে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিল করা যাবে।
ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহ দিতে নতুন প্রণোদনার ঘোষণা দিয়েছে এনবিআর। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫ শতাংশ, সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা মিলবে। তবে এই সময়সীমা পার হওয়ার পর দাখিল করা রিটার্নে এ সুবিধা পাওয়া যাবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
এ কারণে যথাসময়ে আয়কর রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।