ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত হত্যাচেষ্টা মামলায় নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল-কে নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক-এর আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই তদন্ত কর্মকর্তা পাভেলকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত শুনানির জন্য ২২ জুলাই দিন ধার্য করেন। নির্ধারিত দিনে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী গ্রেফতার না দেখানোর আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ বছর বয়সী মুহাম্মদ শামীম রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনে হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় পরে ভুক্তভোগী মুহাম্মদ শামীম বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৬ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেল-কে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।