ঢাকা: গৃহকর্মী প্রীতি ওড়ানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ইংরেজী দৈনিক ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিপক্ষের সময়ের আবেদনের পর নতুন এ তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, এদিন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার শুনানির জন্য আরও সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এএসএম শাহাদাৎ আলী জানান, অভিযোগ গঠন বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতির জন্য আসামিপক্ষ সময়ের আবেদন করেছিল।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান (১৫) নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের বাসিন্দা প্রীতি ওই ভবনে সৈয়দ আশফাকুল হক-এর বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর প্রীতির বাবা লুকেশ ওড়ান সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার-কে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্ত শেষে চলতি বছরের ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক এসএম মাহমুদ রেজা দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠান।
উল্লেখ্য, এ মামলায় গ্রেফতারের পর সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার প্রায় চার মাস কারাভোগ করেন। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।