দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকাপে মজে ছিল বিশ্ব। স্পেনের জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে বিশ্বকাপের। এখন অপেক্ষা ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরুর।
আগস্টের মাঝামাঝি থেকে শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের ২০২৬-২৭ মৌসুম। ইউরোপীয় ক্লাব ফুটবলের জনপ্রিয় লিগগুলো কখন শুরু হচ্ছে তা একনজরে দেখে নেওয়া যাক।
উয়েফা সুপার কাপ
ইউরোপীয় ফুটবল লিগ শুরুর আগে গড়াবে উয়েফা সুপার কাপ দিয়ে। ১২ আগস্ট দিবাগত রাত ১টায় চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগ জয়ী অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে।
লা লিগা (স্পেন)
ক্লাব ফুটবলে সবার আগে শুরু হবে স্প্যানিশ প্রতিযোগিতা লা লিগা। গত মৌসুমে স্পেনের ঘরোয়া সব প্রতিযোগিতাই জিতেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। ফলে হোসে মরিনিয়োর নতুন অধ্যায়ে শিরোপহীন রিয়াল মাদ্রিদের এবার ঘুরে দাঁড়ানোর পালা। লা লিগার প্রথম ম্যাচ ১৫ আগস্ট আলাভেস বনাম গেতাফে ম্যাচ দিয়ে। ২২ আগস্ট রিয়াল প্রথম ম্যাচে এস্পানিওল এবং বার্সা পরদিন (২৩ আগস্ট) এলচের বিপক্ষে খেলবে।
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালের ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের পর্দা উঠবে। ২১ আগস্ট দিবাগত রাতে তারা লড়বে চ্যাম্পিয়নশিপ থেকে উন্নীত হওয়া কভেন্ট্রি সিটির বিপক্ষে। পরদিন (২২ আগস্ট) ম্যানচেস্টার ইউনাইটেড এবং ২৩ আগস্ট পৃথক ম্যাচে সিটি, লিভারপুল নতুন মৌসুমের অভিযানে নামবে।
লিগ ‘আঁ’ (ফ্রান্স)
ফরাসি লিগ ‘আঁ’ বা লিগ ওয়ান শুরু হবে ২১ আগস্ট, প্রথম ম্যাচে লড়বে মার্সেই ও স্ট্রাসবুর্গ। আর দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রাখা চ্যাম্পিয়ন পিএসজি ২৩ আগস্ট রাতে রেঁনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।
সিরি ‘আ’ (ইতালি)
ইতালিয়ান লিগের মৌসুম শুরু হবে ২২ আগস্ট, রাত সাড়ে ১০টায় একই সময়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে প্রথমবার শীর্ষ লিগে ওঠা মোনৎসা এবং উদিনেসে-কোমো মুখোমুখি হবে। একইদিন নাপোলি, পরদিন (২৩ আগস্ট) জুভেন্তাস, ২৪ আগস্ট অভিযান শুরু করবে এসি মিলান।
বুন্দেসলিগা (জার্মানি)
জার্মান লিগ বুন্দেস লিগায় বরাবরই বায়ার্ন মিউনিখের দাপট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন মৌসুম শুরু হবে ২৮ আগস্ট স্টুটগার্টের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ২০২৬-২৭ বুন্দেস লিগার পর্দা উঠবে। এ ছাড়া ২৯ আগস্ট পৃথক ম্যাচে খেলতে নামবে বায়ার লেভারকুসেন ও বরুসিয়া ডর্টমুন্ড।