Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কানাডা থেকে সার আমদানিসহ ৪ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ২০:০৪

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: কানাডা থেকে সার আমদানিসহ ৪টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৫২৩ কোটি ২ লাখ টাকা। এছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ১০ তলা প্রশাসনিক ভবন নির্মাণে একটি প্যাকেজ কাজের ব্যয় বৃদ্ধির (ভেরিয়েশন) একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়ছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে ‘কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন’ ও ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’-এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ১২তম (ঐচ্ছিক-২য়) লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সার ৩৮৮.৫৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৯২ কোটি ৯ লাখ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে নোয়াখালীর ভাসানচরে ব্যাটারি ব্যাক-আপসহ সৌর বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণে টার্ন কী ভিত্তিতে বাস্তবায়নের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে ‘সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড’ এবং ‘পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭৪ কোটি ১৮ লাখ টাকা।

বৈঠকে খাদ্য অধিদফতর কর্তৃক উন্মুক্ত দরপতের মাধ্যমে ই-জিপি সিস্টেমে ৩০ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন ১ কোটি ৬০ লাখ পিস বস্তা ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মোট ৮০টি প্যাকেজে এসব বস্তা কেনা হবে। ২১টি দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এসব বস্তা সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১১৬ কোটি ৬ লাখ টাকা।

এছাড়া বৈঠকে সমাজ সেবা অধিদফতরের একটি কাজ বাস্তবায়নে পরামর্শক সেবা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘পদক্ষেপ উন্নয়ন মানবিক কেন্দ্র।’ এতে ব্যয় হবে ৪৫ কোটি ৬৮ লাখ টাকা।