Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি চাপায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬ ১০:২৬

ছবি: রয়টার্স

জার্মানীর রাজধানী বার্লিনে সমকামীদের উৎসবে দ্রুতগতির গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৭ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এই ঘটনার জন্য দায়ী এক বা একাধিক ব্যক্তির খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানায়, গাড়িটি ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত টিয়ারগার্টেন পার্কে ঢুকে পড়ে এবং একাধিক ব্যক্তিকে আঘাত করে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক মুখপাত্র বলেন, ‘গাড়িটি রাত ১০টার দিকে টিয়ারগার্টেনে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এরপর টিয়ারগার্টেনের একটি গাছে ধাক্কা খেয়ে গাড়িটি থেমে যায়।’

বিজ্ঞাপন

‘গাড়িটি সাদা রঙের ছিল। তবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি। আমরা অপরাধী বা অপরাধীদের খুঁজে বের করার জন্য জোরেশোরে কাজ করছি’- যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা এখন একজন সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করেছি। তাকে এখনও গ্রেফতার করা হয়নি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলছে।’

স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, গাড়িটি মূলত একটি ভ্যান ছিল এবং তা থেকে একজন লোক বেরিয়ে পায়ে হেঁটে পালিয়ে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে এক প্রত্যক্ষদর্শী জানায়, একটি গাড়ি দ্রুত গতিতে মানুষের ওপর উঠে যায়। তখন আশপাশের মানুষ চিৎকার শুরু করেন। অনেকে জীবন বাঁচাতে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করেন।

দমকল বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, এ ঘটনায় আহতদের মধ্যে আটজনের আঘাত গুরুতর এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, হামলার পরই সবাইকে এলাকাটি থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সমকামীদের সেই উৎসবও বাতিল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর