ঢাকা: দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)-এর তথ্য পর্যালোচনা করে জানা গেছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে পানি প্রবাহ বেড়ে সিলেটে ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা ঝুঁকি তৈরি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া হালনাগাদ তথ্যে জানা যায়, সুরমা ও কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং আত্রাই অববাহিকাভুক্ত নওগাঁ জেলায় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে উত্তরবঙ্গের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকার বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীগুলোতে পানি প্রবাহ বৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।