ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, মামলার গ্রেফতার আসামিদের একজন ফোরকান আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করে। একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরাও সময় চান। উভয় পক্ষের আবেদন মঞ্জুর করে আদালত পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে গুলির শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ওই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনাসহ ২০ জন আসামি বর্তমানে পলাতক। তাদের বিরুদ্ধে চলতি বছরের ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পলাতক আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও কয়েকজন রয়েছেন। অন্যদিকে, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন এবং মামলার আরও ১০ জন আসামি বর্তমানে জামিনে আছেন।