Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৫:৩৬ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:২৯

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।

রোববার (২৬ জুলাই) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগটি জমা দেন।

অভিযোগে আল নূর মোহাম্মদ আয়াস দাবি করেন, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে ২০২৫ সালের ১৮ জানুয়ারি রাতে মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি অপহরণ করে। পরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করা হয় এবং আন্দোলন স্থগিতের আহ্বান জানিয়ে একটি ভিডিও বার্তা দিতে বাধ্য করা হয়। পরদিন কারওয়ান বাজার-বাংলামোটর এলাকায় তাকে ফেলে রেখে গেলে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

আয়াস আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর গুলি চালানো, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় সাবেক রাষ্ট্রপতির ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তৎকালীন রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো আইনগত দায় বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা স্বাধীন তদন্তের মাধ্যমে নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ ছাড়া ২০২৪ সালের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য ভূমিকা ও দায়-দায়িত্ব তদন্তেরও আহ্বান জানানো হয়েছে অভিযোগে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর