Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুরুষাঙ্গ কেটে রেল কর্মকর্তাকে হত্যা, কথিত প্রেমিকা বিউটি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২০:৩১ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ২২:২৮

নিহত রেল কর্মকর্তা মামুন মিয়া ও কথিত প্রেমিকা বিউটি আক্তার – ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর মহাখালীতে রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়া হত্যা মামলায় গ্রেফতার কথিত প্রেমিকা বিউটি আক্তার-কে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান গত ১৪ জুলাই বিউটি আক্তারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির জন্য আদালত রোববার দিন ধার্য করেন।

নির্ধারিত দিনে আসামিকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, প্রায় এক বছর আগে রেল কর্মকর্তা মামুন মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যদিও বিষয়টি মামুনের পরিবার জানত না।

অভিযোগে বলা হয়েছে, গত ১০ জুলাই চিকিৎসার কথা বলে ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন বিউটি আক্তার। পরদিন ১১ জুলাই মামুন সেখানে গেলে তাকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সর্বশেষ আদালত মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।