ঢাকা: প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের-এর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন।
আহমেদ জোবায়ের-এর আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসাইন নিয়ন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ জুন মামলায় আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে মামলার অপর ৩ আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, আদালতের জারি করা সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ৪ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের বিষয়ে আদেশ দেন।
মামলার বাদী সৈয়দ আসাদুজ্জামান গত ১০ মে আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ গ্রহণের পর আদালত আসামিদের ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
তবে নির্ধারিত তারিখে কোনো আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন- আহমেদ জোবায়ের-এর স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং তাদের সন্তান সারাফ নাওয়ার জয়ীতা।