ঢাকা: রাজধানীর উত্তরায় ৭ মাস বয়সী কন্যাসন্তানকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত বাবা কবির ইসলাম-কে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন-এর আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ জুলাই সন্ধ্যায় উত্তরার সিরাজ মার্কেটসংলগ্ন বালুর মাঠ এলাকায় পারিবারিক বিরোধের জেরে অভিযুক্ত কবির ইসলাম তার ৭ মাস বয়সী কন্যা রাফা মনি-কে মাটিতে আছাড় মারেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গুরুতর আহত শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই দুপুরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৭ জুলাই শিশুটির নানি শারমীন আক্তার তুরাগ থানায় কবির ইসলাম-কে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ফয়সাল গত ২৩ জুলাই আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানির জন্য আদালত ২৬ জুলাই দিন ধার্য করেন।
রোববার আসামিকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে রিকশাচালক কবির ইসলাম-এর সঙ্গে লিমা আক্তার-এর বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান ছিল রাফা মনি। অভিযোগ রয়েছে, কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের পর প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন ও গালাগাল করতেন।
এজাহার সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন লিমা আক্তার অসুস্থ বাবাকে দেখতে মেয়েকে নিয়ে বাবার বাসায় যান। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কবির ইসলাম নানির কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছাড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।