Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পর্তুগালে নতুন ভূমিকায় রোনালদো

ক্রীড়া ডেস্ক
২৭ জুলাই ২০২৬ ০৮:৩৯

পর্তুগাল জাতীয় দলে ক্রিস্তিয়ানো রোনালদোর নিয়মিত শুরুর একাদশে থাকার দিন শেষের দিকে—এমনই ইঙ্গিত দিলেন বেনফিকার সাবেক সভাপতি লুইস ফেলিপে ভিয়েইরা। তার মতে, জাতীয় দলে ক্যারিয়ার চালিয়ে যেতে চাইলে নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে বদলে যাওয়া ভূমিকাই মেনে নিতে হবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডকে।

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পর্তুগালের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। নতুন কোচের নেতৃত্বে দল নতুনভাবে এগিয়ে যাবে বলে বিশ্বাস ভিয়েইরার।

পর্তুগিজ গণমাধ্যম ‘অ্যান্টেনা ১’–কে দেওয়া সাক্ষাৎকারে ভিয়েইরা বললেন, ‘আমি তাকে খুব ভালোভাবে চিনি। তিনি অসাধারণ পেশাদার একজন কোচ। শুধু আমি নই, তার অধীনে খেলা প্রায় সব ফুটবলারই একই কথা বলবে। আমার বিশ্বাস, পর্তুগালের জন্য তিনি সঠিক পছন্দ। আবারও একজন পর্তুগিজ কোচ জাতীয় দলের দায়িত্বে আসাটা গুরুত্বপূর্ণ।‘

বিজ্ঞাপন

সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রোনালদোর ভূমিকা কীভাবে নির্ধারণ করা হবে। ভিয়েইরার মতে, ২৩৩ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকাকে বুঝতে হবে প্রতিটি ম্যাচে শুরুর একাদশে থাকার নিশ্চয়তা আর থাকবে না, ‘জেসুস জানেন কীভাবে এই পরিস্থিতি সামলাতে হয়। রোনালদোর সঙ্গে তার সম্পর্কও খুব ভালো। রোনালদোও বোঝেন, তার ক্যারিয়ারের শেষ অধ্যায় চলে এসেছে। তাই কখনো তিনি খেলবেন, কখনো হয়তো খেলবেন না—এই বাস্তবতা তাকে মেনে নিতে হবে।‘

রোনালদোর ভূমিকা কমলেও জাতীয় দলে তার অবদান অমলিন থাকবে বলেই মনে করেন ভিয়েইরা। গোলসংখ্যা ও আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডে তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যা ভবিষ্যতে কোনো ইউরোপীয় ফুটবলারের পক্ষে ছোঁয়া কঠিন হতে পারে।

এদিকে নতুন কোচ জেসুসও ইঙ্গিত দিয়েছেন দায়িত্ব নিয়েই দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই, ‘অনেকে ভাবতে পারেন নতুন কোচ এসে অনেক খেলোয়াড় বদলে ফেলবেন। কিন্তু সেটা হবে না। আমি এতটা বোকা নই। হাতে খুব বেশি সময়ও নেই, তাই একসঙ্গে অনেক নতুন খেলোয়াড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর