Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড্রেসিংরুমে জুনিয়রদের বকাঝকা করেছেন নেইমার!

ক্রীড়া ডেস্ক
২৭ জুলাই ২০২৬ ১৪:৫৭

বিতর্ক যেন তার পিছু ছাড়তে রাজি নয়! বিশ্বকাপের পর মাঠে ফিরেই নতুন বিতর্কে জড়ালেন নেইমার। শাপেকোয়েন্সের বিপক্ষে ড্রয়ের পর ব্রাজিল তারকা নেইমার সান্তোসের ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের বকাঝকা করেছেন বলে গণমাধ্যমে গুঞ্জন উঠেছে। এই গুঞ্জন অবশ্য উড়িয়ে দিয়েছেন নেইমার। সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘মিথ্যা ও অসদুদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।

গত শনিবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে টেবিলের তলানিতে থাকা শাপেকোয়েন্সের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে সান্তোস। ম্যাচে জোড়া গোল করলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি নেইমার। এর পরপরই বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ম্যাচের প্রথমার্ধের বিরতিতে ড্রেসিংরুমে দলের তরুণ খেলোয়াড়দের তীব্র ভর্ৎসনা করেছেন সান্তোসের নাম্বার টেন।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক ভিডিও বার্তায় সেই খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন নেইমার। তিনি বলেন, ‘আমি দেখছি আমার সম্পর্কে বলা হচ্ছে যে আমি ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের তিরস্কার করেছি, যা সম্পূর্ণ অসত্য। যারা এসব ছড়াচ্ছেন, দয়া করে মিথ্যা বলবেন না। ড্রেসিংরুমে যা হয়েছে তা দলের সার্বিক উন্নতির তাগিদ থেকে।’

ড্রেসিংরুমের আসল পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি আরও জানান, ‘আমি, লুকাস ভেরিসিমো, আরাও, গ্যাবি—আমরা সবাই কথা বলেছি এবং নিজেদের ভুল স্বীকার করে আত্মসমালোচনা করেছি। আমরা প্রতিযোগিতামূলক মানসিকতার মানুষ, জিততে চাই। কিন্তু জুনিয়রদের ওপর কোনো ক্ষোভ ঝাড়ার ঘটনা ঘটেনি এবং আমি এই মিথ্যা প্রচার সহ্য করব না। যারা এমন অসত্য ও ক্ষতিকর খবর ছড়াচ্ছেন, তারা ফুটবল বোঝেন না এবং কখনো কোনো স্কোয়াডের অংশ ছিলেন না।’

উল্লেখ্য, ম্যাচটিতে জোড়া গোল করলেও ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কারণে আগামী ৯ আগস্ট আতলেতিকো পারানেন্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। এর আগে আগামী ২৮ জুলাই কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের মুখোমুখি হবে সান্তোস।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর