Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপুল পরিমাণ জাল টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৬:১৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম রাজধানীর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

গ্রেফতারকৃতরা হলো- মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুলাই রাতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএমপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাতে-নাতে জাল টাকা প্রস্তুতের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল টাকা, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি বলেন, তারা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে আসছিল। উৎপাদিত জাল টাকা তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিং মলে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মূলহোতা মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বের ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং একই সঙ্গে জাল টাকা প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর