সুনামগঞ্জ: সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘সারাদেশের হাওরাঞ্চলের সঙ্গে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার শিক্ষার সকল সমস্যা সমাধান করার জন্য সরকারিভাবে সেক্টরভিত্তিক প্ল্যানের ব্যবস্থা করা হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পি টি আই স্কুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই সব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, গতকাল রোববার (২৬ জুলাই) আমরা এই বিষয়গুলো তুলে ধরে সকল কর্মকর্তাদের সঙ্গে ৬ ঘণ্টার একটি সভা করেছি। সেখানে বলা হয়েছে কী পরিকল্পনা করলে হাওরাঞ্চলের স্কুলগুলোতে ভালো সার্ভিস দেওয়া সম্ভব হবে। সেই সঙ্গে এই অঞ্চলের শিক্ষার্থীদের নৌকার ব্যবস্থা করা ও স্কুলের সময়সূচি ৯টা থেকে বাড়িয়ে দিয়ে অন্য কোনো সময় দেওয়া যায় কি না এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এক কথায় হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের যেসব ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো চিহ্নিত করে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এ সময় সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেনসহ অন্যান্যরা।