ঢাকা: বাংলাদেশে সামাজিক সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন আইআরসির এশিয়া অঞ্চলের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।
বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য সেবা প্রদান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, দুর্যোগকালীন ও দুর্যোগপূর্ব ঝুঁকি হ্রাসে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নসহ নানা বিষয়ে অভিজ্ঞতার কারিগরি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে মহান মুক্তিযুদ্ধসহ দেশের দীর্ঘদিনের অব্যাহত সহযোগিতার জন্য আইআরসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি শুধু দেশের দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ না থেকে সমগ্র বাংলাদেশে আইআরসিকে কাজের পরিধি বিস্তৃত করার আহ্বান জানান।
নির্বাচনি ইশতেহারে নারী ও শিশু কল্যাণে বর্তমান সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচনি অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এরই মধ্যে বিভিন্নমুখী কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত এসব বিষয়ের অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নারীদের কেয়ার ইকোনমি বা সেবাভিত্তিক অর্থনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে আইআরসি সহায়তা করতে পারে।’
বৈঠকে আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান নারী ও শিশুদের বিভিন্ন উন্নয়নমুখী প্রশিক্ষণে যেকোনো ধরনের কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজন হলে তা সরবরাহ করতে তার সংস্থার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পরিচালিত আইআরসির সামগ্রিক কল্যাণমুখী ও মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে বিপুল মানবিক আশ্রয় প্রদান করার জন্য সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, ‘বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বিভিন্ন জরুরি সহায়তার পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক মানউন্নয়ন ও বিভিন্ন সহায়তা প্রদানেও আইআরসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’