ঢাকা: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক হত্যা মামলায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম-কে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ-এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও ডিএমপির গোয়েন্দা (তেজগাঁও বিভাগ) পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গত ২৭ জুলাই রাজধানীর ভাটারা এলাকা থেকে নজরুল ইসলাম-কে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার এজাহারে বর্ণিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া আসামির স্থায়ী ঠিকানা যাচাই-বাছাই সম্পন্ন হয়নি। জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামি ও সহযোগীদের শনাক্ত এবং তাদের অবস্থান নির্ণয়ের স্বার্থে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর না করে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ সময় আসামিকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপক বন্ধুদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের কাছে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে প্রথমে কাঠালবাগানের একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রূপকের বাবা একেএম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়েছে।