ঢাকা: বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতি সহায়তা, প্রণোদনা প্যাকেজ বা বিশেষ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট গ্রাহককে আগে বাংলাদেশ ব্যাংক, সরকার কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে করা রিট বা অন্য কোনো বিচারাধীন মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে আবেদনকারীর কাছ থেকে হলফনামাও (Affidavit) নিতে হবে যে, এ ধরনের কোনো বিচারাধীন মামলা নেই।
বুধবার (২৯ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতি সহায়তা ও প্রণোদনা দিয়ে আসছে। কৃষি, সিএমএসএমই, শিল্প এবং রপ্তানিমুখী খাতের গ্রাহকেরা এসব সুবিধা পাচ্ছেন। তবে দেখা যাচ্ছে, কোনো কোনো গ্রাহক একদিকে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা গ্রহণ করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে রিট বা অন্যান্য মামলা চালিয়ে যাচ্ছেন।
এ অবস্থায় ব্যাংকিং খাতে মামলা-সংক্রান্ত জটিলতা কমাতে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, সরকার বা বাংলাদেশ ব্যাংক ঘোষিত কিংবা ভবিষ্যতে ঘোষিত যেকোনো প্রণোদনা প্যাকেজ বা নীতি সহায়তা দেওয়ার আগে আবেদনকারী সরকারের, বাংলাদেশ ব্যাংকের বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে করা সব বিচারাধীন মামলা প্রত্যাহার করেছেন কি না, তা নিশ্চিত করতে হবে। মামলা প্রত্যাহারের কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত রাখতে হবে।
এ ছাড়া আবেদনকারীর কাছ থেকে একটি হলফনামা নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে তার কোনো বিচারাধীন মামলা নেই।