Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পণ্য ঘোষণায় গরমিল, ১৯ লাখ টাকা জরিমানা আদায়

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:০১ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৮:৫৯

ঢাকা: চট্টগ্রামে আমদানি করা একটি পণ্যচালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পরিমাণ চকলেট ও ওয়েফার পাওয়ার ঘটনায় বিচারাদেশের মাধ্যমে প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার (২৯ জুলাই)কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম আমদানিকারক রেইনবো করপোরেশন-এর সি-১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রির (তারিখ: ৫ জুলাই ২০২৬) আওতায় আমদানিকৃত পণ্যচালানটি কায়িক পরীক্ষণ করে।

পরীক্ষণে দেখা যায়, আমদানিকারক ঘোষণাপত্রে চকলেটের পরিমাণ ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি উল্লেখ করলেও প্রকৃতপক্ষে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। একইভাবে ওয়েফারের ক্ষেত্রে ঘোষিত ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজির পরিবর্তে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি।

বিজ্ঞাপন

ফলে পুরো চালানে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত ৫৪০ দশমিক ৪১ কেজি পণ্য পাওয়া যায়, যা ঘোষিত নীট ওজনের তুলনায় ৫ দশমিক ৮৩ শতাংশ বেশি।

এ ঘটনায় কাস্টমস আইনে বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ১ লাখ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে অতিরিক্ত ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা সরকারি কোষাগারে জমা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, আমদানি পর্যায়ে পণ্যের সঠিক ঘোষণা নিশ্চিত করা এবং শুল্ক ফাঁকি প্রতিরোধে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও কায়িক পরীক্ষণ নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সারাবাংলা/এসএ/এসআর