Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অনলাইনে বিদেশি পেমেন্ট ৩০০ ডলার পর্যন্ত খরচ করা যাবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:০৭ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২২:১১

ঢাকা: বিদেশে অনলাইন কেনাকাটা, হোটেল বুকিং, ভিসা ফি কিংবা বিভিন্ন সেবার মূল্য পরিশোধে এবার আরও সহজ ও নিয়ন্ত্রিত ব্যবস্থা চালু করল বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের মাধ্যমে পরিচালিত ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) ব্যবহার করে একক লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার বা সমপরিমাণ অর্থ অনলাইনে পরিশোধ করা যাবে। একই সঙ্গে সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যয়, ভিসা প্রসেসিং ফি এবং অনলাইন হোটেল বুকিংয়ের অর্থও এ ব্যবস্থার আওতায় পরিশোধের সুযোগ থাকবে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়েছে, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, সেবাখাতে আন্তঃসীমান্ত বাণিজ্য সহজ করা এবং দেশের পেমেন্ট অবকাঠামো আধুনিকায়নের লক্ষ্যে ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য বৈধ পেমেন্ট সেবাদাতার সঙ্গে সমন্বয় করে গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) চালু করতে পারবে। তবে প্রতিটি ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের একটি মাস্টার ডিভিএ-এর সঙ্গে সংযুক্ত থাকবে এবং সব লেনদেন ব্যাংকের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

সার্কুলারে বলা হয়েছে, ভ্রমণ কোটার আওতায় বিদেশি মুদ্রা এই ডিভিএতে লোড করা যাবে। ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরের পাশাপাশি রপ্তানিকারকদের ইআরকিউ এবং আরএফসিডি হিসাব থেকেও নির্ধারিত শর্তে এ সুবিধা ব্যবহার করা যাবে।

এ ছাড়া রফতানিকারক ও ই-কমার্স ব্যবসায়ীরা ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্টে রপ্তানি আয় গ্রহণ করতে পারবেন। বিদেশি ডিভিএধারীদের মাধ্যমে বাংলাদেশের স্থানীয় মার্চেন্ট পয়েন্টেও অর্থ পরিশোধের সুবিধা দেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক নির্দেশনায় বলেছে, এ সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। পাশাপাশি সব লেনদেনের ক্ষেত্রে কঠোর কেওয়াইসি, গ্রাহক যাচাই (সিডিডি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) নীতিমালা অনুসরণ এবং নিয়মিত প্রতিবেদন দাখিল নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এসএ/এসআর