ঢাকা: আসন্ন আগস্ট মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের খুচরা মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ আগস্ট থেকেও ভোক্তা পর্যায়ে আগের নির্ধারিত দামই কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসেও ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল রাখা হয়েছে।
এর আগে গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনে এসব জ্বালানি তেলের একই মূল্য নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই মূল্যহারই আগামী ১ আগস্ট থেকে কার্যকর থাকবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ও যমুনা অয়েল পিএলসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।