ঢাকা: আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকদের সংস্থা ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত’ বিষয়ে গভীরতাভিত্তিক প্রতিবেদন তৈরির আন্তর্জাতিক রিপোর্টিং ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন সারাবাংলা ডটনেটের সিনিয়র করেসপন্ডেন্ট ফারহানা হক নীলা।
বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ সংস্থা আর্থ জার্নালিজম নেটওয়ার্ক এই ফেলোশিপটি পরিচালনা করছে, যা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ইন্টারনিউজ’ -এর একটি বিশেষ উদ্যোগ।

ফারহানা হক নীলা।
এই ফেলোশিপের আওতায় ফারহানা হক নীলা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাতের ভূমিকা, প্রভাব ও সমাধান বিষয়ক একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন। নির্বাচনের বিষয়টি আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (ইজেএন)-এর পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক সাংবাদিকতার পরিমণ্ডলে ইজেএন-এর ফেলোশিপ একটি স্বীকৃত ও অত্যন্ত সম্মানজনক সুযোগ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ ও জলবায়ু সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাবনার মধ্য থেকে কঠোর ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এটি প্রদান করা হয়।
ফারহানা হক নীলা বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল ‘সারাবাংলা.নেট’-এ সিনিয়র করেসপনডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ ১৯ বছরের সাংবাদিকতা জীবনে তিনি জাতীয়, রাজনীতি, মানবাধিকার ও সাংস্কৃতিক সংবাদের পাশাপাশি পরিবেশ, ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) ও জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও জাতীয় বিষয় নিয়ে কাজ করে আসছেন। ২০২৫ এ ইউনেস্কো আয়োজিত ‘প্রেস ফ্রিডম ডে’ এর আন্তর্জাতিক সেমিনারে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন। এর আগেও তিনি এশিয়া জার্নালিজম ফেলোশিপ ২০২২ এবং ইন্টারনিউজের ‘লেটস টক ভ্যাকসিনস সাউথ এশিয়া মিডিয়া ফেলোশিপ ২০২৩’-সহ একাধিক আন্তর্জাতিক ও জাতীয় ফেলোশিপে ভূষিত হয়েছেন।