Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ মাসেও দুর্নীতি বন্ধ করা যায়নি: বিরোধীদলীয় নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৬ ১২:৫৪ | আপডেট: ৩১ জুলাই ২০২৬ ১৭:০৭

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকারের একজন জ্যেষ্ঠ নেতা নিজেই স্বীকার করেছেন যে, পাঁচ মাসেও দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়নি; বরং দুর্নীতি আরও বেড়েছে। সরকারের ভেতর থেকেই যখন এমন স্বীকারোক্তি এসেছে, তখন ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি নিয়েই প্রশ্ন ওঠে।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কবির আহমদ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি এ কথা বলছি না, তাদেরই একজন সিনিয়র নেতা বলেছেন- আমরা হতাশ। পাঁচ মাসের এই সরকারের সময়ে দুর্নীতি বন্ধ করা যায়নি, বরং দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। যদি সরকার নিজেই ব্যর্থতার কথা স্বীকার করে, তাহলে জনগণ স্বাভাবিকভাবেই জানতে চাইবে এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিকতা কোথায়?’

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘দুর্নীতি শুধু বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়; এটি গোটা রাষ্ট্রব্যবস্থায় ছড়িয়ে পড়েছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত না হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।’

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সরকারের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। যদি প্রধান নেতৃত্ব দুর্নীতি না চান, তাহলে তার নেতৃত্বেই কেন তা বন্ধ হচ্ছে না— এই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়।’

তিনি বলেন, ‘পরিবহন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি ও অনিয়ম এখনো অব্যাহত রয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পরিবর্তে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আমরা পরিষ্কারভাবে দাবি জানাই, জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের অবশ্যই তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। রাষ্ট্রকে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে। যদি তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে মায়েদের গর্ভে আরও বেশি করে বীর সন্তান জন্ম নেবে, ইনশাআল্লাহ। আর যে জাতির মায়েরা বীর সন্তান জন্ম দেয়, সেই জাতি বিশ্বের কোনো দানব বা আধিপত্যবাদী শক্তির কাছে কখনো মাথা নত করবে না।’

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর