ঢাকা: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রায় হামলায় আহত আলিফকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় মামুনুল হক চিকিৎসকদের সঙ্গে আলিফের চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় বিষয় সম্পর্কে খোঁজ নেন। তিনি আহত আলিফকে সান্ত্বনা দেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তার আশু আরোগ্য কামনা করেন।
হাসপাতালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা এলায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় আলিফ গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে।