Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিবন্ধিতার কারণে কোনো প্রতিভা থেমে থাকবে না: আইসিটিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৬ ২১:২৪ | আপডেট: ১ আগস্ট ২০২৬ ২১:৩০

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না। প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে দেশের প্রতিটি নাগরিক উন্নয়ন ও অগ্রযাত্রার সমান অংশীদার হবে।

‎শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গ্রীন রোডে অবস্থিত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনুষ্ঠিত “যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎মন্ত্রী বলেন, প্রতিবন্ধিতা কোনো সীমাবদ্ধতা নয়। সঠিক সুযোগ, প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী তরুণ-তরুণীরাও দেশের ডিজিটাল রূপান্তর ও উন্নয়নের সমান অংশীদার হতে পারে। তাই সরকার তাদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার এমন একটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে সমাজের কোনো শ্রেণির মানুষ পিছিয়ে থাকবে না এবং সবার জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত হবে।

‎মন্ত্রী আরও বলেন, এই জাতীয় আইটি প্রতিযোগিতা প্রতিবন্ধী তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন যে, ভিয়েতনামে অনুষ্ঠিতব্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জে বাংলাদেশের প্রতিনিধিরা দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবে।

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক বলেন, এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং প্রতিবন্ধী তরুণদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের একটি প্ল্যাটফর্ম। উপযুক্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে সক্ষম। ভবিষ্যতে বিসিসি, সিএসআইডি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, এটি ছিল যুব প্রতিবন্ধীদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতার ১০ম আয়োজন। এবার প্রতিযোগিতায় দৃষ্টি, শারীরিক, বাক ও শ্রবণ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি)—এই চার ক্যাটাগরিতে মোট ৭০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম ৩ জন করে মোট ১২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

‎প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে মো. শাকিল মিয়া, শারীরিক প্রতিবন্ধী বিভাগে শেখ ইয়ামিন আহসান, বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিভাগে নাহিন সিরাজ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার বিভাগে আরিয়ান ইসলাম চ্যাম্পিয়ন হন। তারা আগামী অক্টোবরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য “Global IT Competition for Youth with Disabilities (GITC)”-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। মন্ত্রী এই চার বিজয়ীকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

‎অনুষ্ঠানে সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন কে এম মুজিবুল হকসহ অংশগ্রহণকারী, অভিভাবক, বিসিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর