ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি গ্রামে রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী মাহমুদ্ জান্নাতি নামের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে মাহমুদা জান্নাতি (৯) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে এবং চার ভাই-বোনের মধ্যে সবার ছোট।
এ দিকে মেয়েটির চাচা মিজানুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে। তিনি জানান, দীর্ঘদিন ধরে বাবলু শেখের সঙ্গে আমাদের বিরোধ চলছিল টাকা-পয়সা নিয়ে এই কারণেই আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে।
তবে এ ঘটনায় আটক হওয়ার সময় এক মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। ওই ভিডিওতে শোনা যায়, বাবলু শেখের মেয়ে ফাতেমা আক্তার কাউকে বলছেন ১০ টাকা নিয়ে বিরোধের জেরে আমার ভাতিজি ইট দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলেছে আমার চাচাতো বোন জান্নাতিকে।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যে ধারণা মিলেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এর বাইরে অন্য কোনো কারণ বা অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।