Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবির হলে এজিএসের রুমে ২ জনের বিরুদ্ধে ‘সমকামী’ কর্মকাণ্ডে লিপ্তের অভিযোগ

ঢাবি করেস্পন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৩:১৮ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৩:৩৭

ঢাবির ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহীম খলিলের রুম।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহীম খলিলের রুমে দুজন পুরুষের বিরুদ্ধে ‘সমকামী কর্মকাণ্ডে’ লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, গত ২৭ জুলাই এজিএস ইব্রাহীম খলিলের রুমে দুজন সমকামী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার স্বীকারোক্তি দিচ্ছেন। এমনকি তাদের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করার কথা বললে ক্ষমাও চেয়েছেন তারা।

ইব্রাহীম খলিলের রুমমেট এ হলের আবাসিক শিক্ষার্থী অনয় চৌধুরী কিছু ভিডিও সংযুক্ত করে এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গত ২৭তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংসদের এজিএস ইব্রাহিম খলিল শিকদারের দুজন মাদরাসায় পড়ুয়া গেস্টকে তার নিজ কক্ষে অন্তরঙ্গ অবস্থায় পাওয়া যায়।’

বিজ্ঞাপন

পরবর্তীতে তাদের বক্তব্য ও স্বীকারোক্তিও নেওয়া হয়। ঢাবির হল সংসদের একজন এজিএস হয়েও তার নিজকক্ষে এমন নেক্কারজনক কর্মকাণ্ড অর্থাৎ সমকামিতা কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং হলের পরিবেশ ও শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠে।

তবে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এজিএস ইব্রাহীম খলিল ফেসবুকে লিখেছেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি আমার রুমে ঘটলেও এ বিষয়ে আগে থেকে আমার কোনো ধরনের ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিল বলে আমি থাকতে দিয়েছিলাম। ঘটনার সময় আমি রুমে ছিলাম না এবং পরে কেউ আমাকে বিষয়টি জানায়নি। বিষয়টি জানতে পেরেই আমি এর নিন্দা জানাচ্ছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করব।’

এক্ষেত্রে রুমে যে কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে তার কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই সংগঠনের পক্ষ থেকে তদন্ত করে দেখবো আসলে সে একাজের সাথে জড়িত কিনা বা তার অজান্তেই তার রুমে তার অতিথিরা একাজ করছে। আর, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনকে বলব এটা যদি অপরাধ হয় যথাযথ ব্যবস্থা নিতে।’

এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম ভূইয়াকে একাধিক ফোন দিয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘এ বিষয়ে এখনো অভিযোগ আসেনি। তবে এধরনের ঘটনা বাংলাদেশে একদম নতুন। আর এখন পর্যন্ত ফেসবুকে দেখেছি। এটা নিয়ে আরও বিস্তারিত দেখে করণীয় নির্ধারণ করবো।’

প্রসঙ্গত, এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শহীদুল্লাহ হলের একদল শিক্ষার্থী। শনিবার রাত ১০টা ১৫মিনিটে তারা হলের পুকুরপাড়ে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এ সময় তারা ‘তুমিও জানো আমিও জানি, জামায়াত শিবির সমকামী’, ‘সাদিক কায়েম জানে নাকি, জামায়াত শিবির সমকামী’ ইত্যাদি স্লোগান দেন।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর