ঢাকা: নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবারভুক্ত করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এই কর ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটি বলছে, স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি গড়ে তোলা এবং করদাতাদের নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন জমা দিতে উৎসাহিত করতেই আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এ সুবিধা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৩ অনুযায়ী পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে কর প্রণোদনা পাবেন। তবে এই ছাড়ের পরিমাণ কোনো অবস্থাতেই ২৫ হাজার টাকার বেশি হবে না।
অন্যদিকে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিলে কোনো ধরনের কর প্রণোদনা মিলবে না।
এনবিআর আরও জানিয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে দেরিতে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করও দিতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।
আর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।
এনবিআরের মতে, সময়ের শুরুতেই করদাতাদের রিটার্ন জমা দেওয়ার প্রবণতা বাড়লে কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ, সুশৃঙ্খল ও কার্যকর হবে। একই সঙ্গে দেশে স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতিও শক্তিশালী হবে।
সংস্থাটি স্মরণ করিয়ে দিয়েছে, ২০২৬–২৭ করবর্ষের জন্য গত ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। একই সঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধাও রয়েছে।
সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে। অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি কর্মদিবসে এনবিআরের কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।
এনবিআর করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ৩০ সেপ্টেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে ৫ শতাংশ কর প্রণোদনার সুবিধা আর পাওয়া যাবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দিয়ে কর ছাড়ের সুযোগ গ্রহণের জন্য করদাতাদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।