Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মুহাম্মদ খালেদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৯:৫৩ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ২৩:৫৮

মুহাম্মদ খালেদ -ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে উপ-হাইকমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেছেন পেশাদার কূটনীতিক মুহাম্মদ খালেদ। একই সঙ্গে মিশনটির প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক সাংবাদিক উম্মে মারুফা। এর মাধ্যমে এই উপ-হাইকমিশনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কর্মকর্তা প্রেস উইংয়ের শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন।

আগামী সপ্তাহে উম্মে মারুফা নতুন পদে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সিভিল সার্ভিসের (পররাষ্ট্র ক্যাডার) ২৫তম ব্যাচের কর্মকর্তা মুহাম্মদ খালেদ গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে কলকাতায় উপ-হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নতুন পদে যোগ দেওয়ার আগে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া কূটনৈতিক ক্যারিয়ারে তিনি মিয়ানমার, পর্তুগাল ও গ্রিসে বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি সাবেক ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার আয়েশা আক্তারের স্থলাভিষিক্ত হলেন। সাবেক উপ-হাইকমিশনার মোহাম্মদ আশরাফুর তার মেয়াদ পূর্ণ করার পর আয়েশা আক্তার ভারপ্রাপ্ত হিসেবে মিশন প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন।

এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে প্রথম সচিব (প্রেস) পদে দায়িত্ব পাচ্ছেন সাবেক সাংবাদিক উম্মে মারুফা। গত ২৭ জুলাই তাঁর এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর নতুন প্রশাসন থেকে তার এই পদায়ন চূড়ান্ত হলো।

উম্মে মারুফা স্থলাভিষিক্ত হচ্ছেন মো. তারিকুল ইসলাম ভূঁইয়ার, যিনি ব্যক্তিগত ও পেশাগত কারণ উল্লেখ করে গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন।

কলকাতা উপ-হাইকমিশনে প্রেস সম্পর্কিত পদে এই প্রথম কোনো নারী কর্মকর্তা যুক্ত হওয়াকে কূটনৈতিক মিশনে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সারাবাংলা/একে/এসআর