Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ হাজার টাকায় শিশু বিক্রি করলেন মা, দাদির অভিযোগে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ২০:০৮ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ২৩:৫৮

দাদির অভিযোগে উদ্ধার শিশুটি তার মায়ের কোলে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জেলার বোয়ালখালীতে ২০ হাজার টাকার বিনিময়ে নিজের এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রি করে দেন মা। পরে দাদির অভিযোগ পেয়ে সেই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চরণদ্বীপ শফি মেম্বার বাড়ির মো. ওসমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক মো. রাকিবের (১৮) সঙ্গে একই এলাকার রোকনা বেগমের (১৮) বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম নেয়। এর পর সন্তানকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসে রোকসানা।

রাকিবের দাদি ফিরোজা বেগম বলেন, ‘বেড়াতে যাওয়ার পর ২৭ জুলাই জানানো হয় নাতনি মারা গেছে। তাকে দাফন করে ফেলেছে। এর পরদিন বিকেলে এ বিষয়ে জানতে ওই বাড়িতে গেলে রোকনার বাপের বাড়ির লোকজন উলটাপালটা কথা বলতে থাকে। কবর দেখাতে বললে তাও দেখাতে পারেনি।’

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে শিশুটির দাদি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধারে নামে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘তদন্তে নেমে শিশুটিকে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। সে এক নিঃসন্তান পরিবারের কাছে ছিল। আজ রোববার (২ আগস্ট) সকালে আইনি প্রক্রিয়ায় শিশুটিকে মা ও বাবাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর