Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এক দফা’ ঘোষণা নিয়ে বিতর্ক হাস্যকর: ফারুকী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৩:২১ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ১৫:৩৮

মোস্তফা সরয়ার ফারুকী।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি কে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন, তা নিয়ে চলমান বিতর্ককে হাস্যকর বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী তার পোস্টে লেখেন, সত্যি বলতে কে আগে এক দফা ঘোষণা করেছে, তা নিয়ে এই কাড়াকাড়ি এখন হাস্যকর পর্যায়ে চলে গেছে। ওই সময়ে রাজপথে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছিল এবং কে আগে ঘোষণা দিল, তা আন্দোলনের গতিপথ নির্ধারণ করেনি।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছরের ১৮ জুলাই এবং ১ আগস্টের বক্তব্যে ‘এক দফা’র বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিলেন এবং সেই সময় ‘দফা এক, দাবি এক’ স্লোগানের মধ্য দিয়ে দেশের মুক্তির বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। তার মতে, জুলাইয়ের আন্দোলন ছিল দলমত নির্বিশেষে সবার; যেখানে ডান-বাম, বাংলা ও ইংরেজি মাধ্যম, মাদরাসা শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী এবং নারী-পুরুষ সবারই সমান মালিকানা রয়েছে।

এছাড়া ‘এক দফা’র ধারণাটি ২০২৪ সালে হঠাৎ করে তৈরি হয়নি উল্লেখ করে ফারুকী জানান, ২০১৩ সাল থেকেই সরকারের পতনের দাবি বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর এজেন্ডায় ছিল এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও অতীতে বিভিন্ন জনসভায় সরকারের পদত্যাগের দাবি তুলেছিলেন। পরিশেষে তিনি বলেন, ২ আগস্ট না ৩ আগস্ট কে কখন এক দফা ঘোষণা করেছেন, তা আন্দোলনের মূল ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। তবে আন্দোলনের মূল প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের মুখ থেকে ঘোষণাটি আসার একটি আনুষ্ঠানিক গুরুত্ব অবশ্যই রয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর