ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার (৩ আগস্ট) শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলার ২৬ আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজীমসহ ১৮ আসামি পলাতক রয়েছেন।
মামলায় প্রসিকিউশন দুটি পৃথক অভিযোগ এনেছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে আন্দোলনে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া এবং আন্দোলনরত ছাত্র-জনতার মধ্যে পানি ও বিস্কুট বিতরণের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হন। পরে সহযোদ্ধারা তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনের ঘটনায় গুলিতে নিহত হন জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজিব সরকার। এছাড়া উত্তরা এলাকায় একটি সাঁজোয়া যান (এপিসি)-এর পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়।
দ্বিতীয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় গুলিতে নিহত হন রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ এবং নাঈমা সুলতানা।