ঢাকা: অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে প্রমাণ ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যে অভিযোগগুলো পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে মিথ্যা তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা চালানো হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের এ ধরনের বিষয়ে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত প্রক্রিয়ায় অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছে।