Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টের রুল জারি / ‘বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান- কেন অবৈধ নয়’

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৯:৩৭ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২১:২৫

– ছবি : প্রতীকী

ঢাকা:  বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ঘটনায় শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র ভিত্তিতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’ এর মাধ্যমে সংযোজিত সংশ্লিষ্ট বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না।

বিজ্ঞাপন

এর আগে একই বিষয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট একটি রুল জারি করেছিলেন। সর্বশেষ সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত আইনটির সাংবিধানিক বৈধতার বিষয়টি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

রিট আবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্কদের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা ব্যক্তিগত সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগের ভিত্তিতে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার বিধানটি অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই সংশোধিত আইনটির সংশ্লিষ্ট বিধানের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর