ঢাকা: আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদকে আগামী ১০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, দুটি মামলার তদন্তে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ১০ আগস্ট তাদের হাজিরের নির্দেশ দেন। বর্তমানে তারা অন্য মামলায় গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
রাষ্ট্রপক্ষের তথ্যমতে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়।
এছাড়া একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসাম থেকে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ-কে গুম করা হয়।
এ দুটি ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলা তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।