ঢাকা: ক্ষমতার লোভে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো বিদেশি রাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়া সহ্য করা হবে না- বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, নির্বাচনের আগে তাজমহলের মতো বাংলাদেশকে বিভিন্ন বৈদেশিক শক্তির কাছে বিক্রি করার চেষ্টা করা হলেও এ দেশের মানুষ রাজপথে থেকে দেশের স্বাধীনতা রক্ষা করবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ভারতসহ বিভিন্ন ‘ডিপ স্টেট’-এর কাছে দেশকে বন্ধক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বরং এ দেশের ১৮ কোটি জনগণের।
তিনি আরও বলেন, তারেক রহমানের পতন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং শেখ হাসিনার মতোই দেশের জনগণ তার বিচার করবে।
গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনের সময় রাজপথে কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন। সেদিন তারেক রহমানের কোনো ছায়া রাজপথে দেখা যায়নি। প্রধানমন্ত্রীর চেয়ার কোনো ব্যক্তির সম্পদ নয়- উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় না মানলে তারেক রহমানের পরিণতিও অতীতের স্বৈরশাসকদের মতোই হবে।
সমাবেশে তিনি শিক্ষাঙ্গনে রামদা-চাপাতি নিয়ে আক্রমণ ও হাসপাতালে চিকিৎসায় বাধা দেওয়ার মতো সাম্প্রতিক ঘটনার নিন্দা জানান। একই সঙ্গে ইসলাম ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে প্রহরীর ভূমিকা পালন করার এবং আলেম-ওলামাদের সংস্কার ও বিচারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক-এর সভাপতিত্বে সমাবেশে ১১-দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।