ঢাকা: ক্ষমতাচ্যুত ও ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে তাদের অ্যাক্টিভিস্টদের প্রচারণার জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “তারা বলে ডিসেম্বর মাসে দেশে আসবে। আমরা অপেক্ষা করে আছি, দেশে আসেন। ইনশাল্লাহ রাজপথে দেখা হবে “।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই এবং অন্যায়, খুন, গুম, অর্থ পাচার ও আয়নাঘরের মতো নির্যাতন চালিয়েও তাদের কোনো লজ্জাবোধ নেই ।
২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করার কথা স্মরণ করে ৮২ বছর বয়সেও বাংলাদেশের জন্য আরেকটি যুদ্ধ করার ঘোষণা দেন তিনি ।
জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে রক্ষণাবেক্ষণ করা এবং তাদের সুস্থ করে তোলা সরকারের পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, গরিব দেশের যতটুকু সাধ্য আছে, তার সবকিছুই তাদের কল্যাণে উজাড় করে দেওয়া হবে ।
গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, একাত্তরের মতো জুলাইয়ের যুদ্ধও ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং যতদিন দেশে গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিন স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে।