ঢাকা: গত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক হয়রানির মাধ্যমে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে সাড়ে চার হাজারের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। একই সঙ্গে বিরোধী মত দমনে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলে জানান তিনি।
বুধবার বিকেলে ( ৫ আগস্ট ) জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এক আবৃত্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
দেশের বিগত সময়কালের পরিস্থিতির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গুম হওয়া ৭শ’ এর বেশি মানুষের স্বজনেরা আজও প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। তিনি বলেন, বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং গুমের শিকার হওয়া পরিবারের সদস্যরা আজও তাদের স্বজনদের ফিরে আসার প্রতীক্ষায় রয়েছেন।
সংস্কৃতি অঙ্গনের উন্নয়ন ও আবৃত্তিচর্চার প্রসঙ্গে তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন দেশের শিল্প-সংস্কৃতির অঙ্গনে আবৃত্তির কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ ও গানের মতো বাংলাদেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সময় আবৃত্তিচর্চার বিকাশ এবং শিল্প-সংস্কৃতির প্রসারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে বলে ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন।