ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা-কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ আগস্ট) ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে জগলুল পাশা কক্সবাজার থেকে আকাশপথে ঢাকায় ফিরছেন। পরে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। রাজধানীর গুলশানে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের হওয়া মামলায় জগলুল পাশাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শফিকুল ইসলাম বলেন, জগলুল পাশার বিরুদ্ধে গুলশান থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালের হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা আছে। এ ছাড়া গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় দায়ের করা মামলাও আছে তার বিরুদ্ধে।