চবি: জুলাই-আগস্টের গণহত্যা এবং গত ১৭ বছরের খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বুধবার (৫ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে দেশের মানুষের প্রতি জবাবদিহিতা সর্বোচ্চ। সেই দায়বদ্ধতা থেকেই জুলাই-আগস্টের গণহত্যা এবং পূর্ববর্তী ১৭ বছরের খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে। সেই বিচার হবে ন্যায়ভিত্তিক, নিরপেক্ষ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও রাজনৈতিক কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলন। এই আন্দোলনের চেতনাকে ধারণ করে রাষ্ট্রবিরোধী ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের স্বার্থবিরোধী কোনো অপতৎপরতার স্থান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।