Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বালুর ট্রাক ও পেপার স্প্রে ব্যবহারের মামলায় জগলুল পাশা ৭ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৫:৩২

সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা -ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে চলাচলে বাধা সৃষ্টি এবং পেপার স্প্রে ব্যবহার করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

এর আগে গত ৪ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান জোনাল টিমের পরিদর্শক আনোয়ার হোসেন। আদালত সেদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ৬ আগস্ট দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করলে মামলার প্রকৃত ঘটনা উদঘাটন এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সে কারণে তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ ১১১ জন নামীয় এবং আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করেন এবং রাস্তা অবরোধ করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটান।

এতে আরও বলা হয়, পরদিন ২৯ ডিসেম্বর খালেদা জিয়া নির্ধারিত সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে তার বাসার সামনের সড়কে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে ব্যারিকেড দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, একাধিকবার বের হওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দেওয়া হয় এবং হত্যার উদ্দেশ্যে পেপার স্প্রে ব্যবহার করা হয়। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবরে গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন।

সারাবাংলা/টিএম/এসআর