ঢাকা: বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সুযোগ হলে প্রধানমন্ত্রী নিজেই প্রতিযোগিতাটির উদ্বোধন করবেন।
তিনি বলেন, ‘যে সন্তানকে অনেক পরিবার লজ্জার কারণে আড়ালে রাখে, সেই সন্তানই একদিন অলিম্পিক, এশিয়ান গেমস বা প্যারা গেমসে বাংলাদেশের জন্য পদক এনে দিতে পারে। তাই তাদের নিয়ে লজ্জা নয়, গর্ব করার সময় এসেছে।’
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। আরও ২০০ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৫০০ জনকে ভাতার আওতায় আনার লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী নতুন ক্রীড়াবিদদেরও পর্যায়ক্রমে এ কর্মসূচিতে যুক্ত করা হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সারা বছর নিয়মিত প্রশিক্ষণের আওতায় রাখা হবে। পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের ৬৪ জেলায় প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের খুঁজে বের করে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে জানিয়ে আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ নামে জাতীয় পর্যায়ে একটি প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মিরপুর স্টেডিয়াম এলাকাকে পূর্ণাঙ্গ স্পোর্টস হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।