ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন উপাচার্য (ভিসি) অধ্যাপক এএসএম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানান, তদন্ত সংস্থার দাখিল করা প্রতিবেদন পর্যালোচনার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হবে।
তদন্ত প্রতিবেদনে যাদের আসামি করা হয়েছে- তাদের মধ্যে রয়েছেন তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাটি দীর্ঘদিন তদন্তের পর তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছেন। এখন সেই প্রতিবেদন পর্যালোচনার কাজ চলছে। প্রক্রিয়া শেষে এটি ফরমাল চার্জ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।