ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও মোবাইল এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।
অনলাইনে ফলাফল দেখতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও নিজ নিজ বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর টাইপ করে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। সাধারণ বোর্ডের জন্য SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> Year, মাদরাসা বোর্ডের জন্য SSC <স্পেস> MAD <স্পেস> Roll <স্পেস> Year এবং কারিগরি বোর্ডের জন্য SSC <স্পেস> TEC <স্পেস> Roll <স্পেস> Year লিখে মেসেজ পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য ১.৩৯ টাকা চার্জ প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত চলা এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ৬৬৬টি প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দেন।