Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চার মন্ত্রণালয়-দফতরে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৯:৫৯ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ২০:২৫

ঢাকা: প্রশাসনের শীর্ষ পর্যায়ে নতুন করে রদবদল এনেছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ ও পদায়নের আদেশ জারি করে। এর মধ্যে দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ৩০ জুলাই ওই মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম অবসরে যাওয়ায় পদটি শূন্য হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে এ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিদায়ী সচিব মো. সাখাওয়াত হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার স্থলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা জিয়াউল হক মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অবসর, পদোন্নতি ও প্রশাসনিক প্রয়োজনের পাশাপাশি সরকারের নীতি ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গতি আনতে সচিব পর্যায়ে এ ধরনের রদবদল করা হয়।