Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরাপত্তা নিশ্চিতে বেসরকারি পর্যায়ে আমদানির নীতিমালা হচ্ছে: জ্বালানি বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ২০:২৯ | আপডেট: ৮ আগস্ট ২০২৬ ২০:৩১

– কোলাজ প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন বিষয়ে একটি খসড়া নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এ নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

শনিবার( ৮ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের মূল উদ্দেশ্য দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা।

বিজ্ঞাপন

প্রস্তাবিত নীতিমালার আওতায় স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানোর কথা বলা হয়েছে।

জ্বালানি বিভাগ বলেছে, নীতিমালাটি চূড়ান্ত করার আগে জ্বালানি খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়া হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

মন্ত্রণালয়ের বক্তব্যে আরও বলা হয়, সম্প্রতি প্রস্তাবিত নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমান-নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানিয়েছে জ্বালানি বিভাগ।