ঢাকা: আগামীর বাংলাদেশ হবে ১৮ কোটি মানুষের বাংলাদেশ। এ দেশের মালিকানা ও অধিকার সবার থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও সড়ক রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
সোমবার (১০ আগস্ট) খিলগাঁওয়ে হেরাল্ড, গোল্ডেন টাই, ৩৬ রেসকিউ ও প্রয়াস ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে আয়োজিত ‘বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে তরুণ প্রজন্মের হাত ধরে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রক্তের গ্রুপ নির্ণয়কে মানবিক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, জরুরি সময়ে একজন মানুষের রক্তের গ্রুপ জানা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।
স্কাউটদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, স্কাউটিং শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশসেবার শিক্ষা দেয়। একজন ভালো স্কাউট শুধু নিজের উন্নতির জন্য কাজ করে না; সমাজ, পরিবেশ ও মানুষের কল্যাণেও নিজেকে নিয়োজিত করে।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও আত্মনির্ভর বাংলাদেশের স্বপ্ন এবং বেগম খালেদা জিয়ার গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আজকের শিক্ষার্থী ও তরুণরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে। সবাই মিলে কাজ করলে আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ করা সম্ভব।
তিনি উপস্থিত সবাইকে জীবনে অন্তত একটি গাছ লাগানো এবং প্রয়োজনের সময় অন্তত একজনকে রক্ত দেওয়ার অঙ্গীকার করার আহ্বান জানান। তিনি বলেন, ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে এবং রক্তদানে উৎসাহিত হলে বাংলাদেশ আরও সবুজ, মানবিক ও সমৃদ্ধ হয়ে উঠবে।